হাসিনা আপা আর খালেদা ম্যাডামের কি এখনো শিক্ষা হয়নি? গত দু’বছরের ‘রাজনৈতিক গুণগত পরিবর্তন’ কি আদৌ এদের হবে না? নির্বাচনী ইশতেহার তো দু নেত্রীই দিলেন। কিন্তু এতে তো শুধুই ভালো দিকগুলো বললেন। খারাপ কি ঘটবে না? তাহলে কেন তা আগে থেকেই বলছেন না। জনগণ জানে যেই আসুক না কেন, এই বাংলার মাটি থেকে দুর্নীতি রোধ এত সহজ নয়। এই দু’দল একে অপরকে শুধু বকেই যাবেন, পুলিশের নিরাপত্তায় থাকবেন যখন নেতা-কর্মীরা একে অপরের বিরুদ্ধে লেগে যাবে? কতটা কাপুরুষোচিত আচরণ বলুন? তাদের সেই পুরোনো বক্তৃতা দিয়েই যাবেন, উন্নয়নের জোয়ারের লিস্ট বলেই যাবেন…আর কতো? এবার নিজেদের ভুলগুলোও এবার স্বীকার করুন। দেখেন না, যদি সত্য স্বীকার করেন, হয়ত ভোট বাড়তেও পারে। আমি তো মনে করি অবশ্যই বাড়বে। জনগণ বুঝবে “যাক, দু’বছরে কিছুটা হলেও শিক্ষা হয়েছে”। ভুল যে কত করেছেন তা জনগণ সবই জানে, তাই যতই নিজেদের উন্নতির ফলক তুলে ধরেন না কেন, হাওয়া ভবন আর সুধা সদনের কথা সকলেই জানে।
এবার সময় হলো নিজেদের সত্যিকারের রূপটাও কিছুটা তুলে ধরার। নির্বাচনের আর বেশী সময় নেই। তাই আশা করব নিজেদের ভালো ঢোল পেটানোর সাথে সাথে খারাপ ঢোলটাও একটু পেটাবেন।